I-N-D-I-A জোটের বৈঠক স্থগিত। ৬ই ডিসেম্বর হচ্ছে না বৈঠক। নেতাদের অনুপস্থিতির জন্যই এই সিদ্ধান্ত।

তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডাকে । কিন্তু সেই বৈঠক হবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬ তারিখের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক স্থগিত করা হয়েছে।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে বিজেপি বিরোধী দলগুলি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I-N-D-I-A ) জোট তৈরি করে । জোট তৈরি হওয়ার পর তিনটি বৈঠক হয়। তিনটি বৈঠক হয়েছে -২৩ জুন পাটনা, ১৭-১৮ জুলাই বেঙ্গালুরু, ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর মুম্বাই। ৬ই ডিসেম্বর চতুর্থ বৈঠকটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের তরফ থেকে ডাকা হয়। ঠিক হয় বৈঠকটি হবে মল্লিকার্জুন খার্গের দিল্লির বাসভবনে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। তারা পূর্ব-পরিকল্পিত অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বৈঠকের বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন না।

সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক শেষ করে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৬ ডিসেম্বরের বৈঠকের বিষয়ে আমার কিছু জানা নেই। এ ব্যাপারে কেউ আমাকে এখনও ফোন করেননি।’ তিনি এও বলেন, শেষ মুহুর্তে বৈঠকে ডাক পেলেও যে তিনি যেতে পারবেন না। কারণ ৬ থেকে ১২ ডিসেম্বর উত্তরবঙ্গ সফর রয়েছে তাঁর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে , ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা কতটা মজবুত সেটাই দেখে নেওয়ার সুযোগ ছিল এই ৫ রাজ্যের বিধানসভা ভোটে। কিন্তু তাতে কংগ্রেস জিততে পারেনি। তেলঙ্গনা ছাড়া বাকি তিন রাজ্যে বিপর্যস্ত কংগ্রেস। রাজস্থান ও ছত্রিশগড় হাতছাড়া করে কংগ্রেস। মধ্যপ্রদেশেও তেমন সুবিধা করতে পারেনি, সেখানে বিজেপির জয়ের ব্যবধান অনেক । মমতা সহ একাধিক বিরোধী নেতানেত্রী এই হারের জন্য কংগ্রেসকে দায়ী করে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করছে।

Exit mobile version