ফের বিনিয়োগকারীদের জন্য বড় খবর শোনালেন ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানী।Reliance jio -র IPO ঘোষণা। শুক্রবার, ২৯ অগস্ট ‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড’-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি ঘোষণা করেন, আগামী বছরের প্রথমার্ধেই (২০২৬) শেয়ার বাজারে আসতে চলেছে টেলি এবং ডিজিটাল পরিষেবা সংস্থা ‘রিলায়্যান্স জিয়ো’-র আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং)।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুকেশ অম্বানী বলেন,
“গর্বের সঙ্গে জানাচ্ছি, জিয়োর আইপিও আনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ২০২৬ সালের প্রথম ছ’মাসের মধ্যেই তালিকাভুক্তি সম্পন্ন হবে। আশা করছি, এটি লগ্নিকারীদের আকর্ষণ করবে এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”
গত এক দশক ধরে দেশের টেলিকম ও ডিজিটাল খাতে বিপ্লব এনেছে জিয়ো। বর্তমানে গ্রাহকসংখ্যা ৫০ কোটিরও বেশি। মুকেশ অম্বানীর দাবি, অচিরেই জিয়ো বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদের মতোই শক্তিশালী বাজারমূল্য তৈরি করতে সক্ষম হবে।
রিলায়্যান্স চেয়ারম্যান আরও জানান, ভারতের ডিজিটাল পরিকাঠামোকে মজবুত করতে জিয়োর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আধার ও ইউপিআই-এর মতো ব্যবস্থার প্রসার এবং মোবাইল ফোনে বিনামূল্যে ভয়েস কল ও ভিডিয়ো স্ট্রিমিংয়ের সুযোগ তৈরি করে কোটি কোটি ভারতীয়ের জীবনযাত্রায় বদল এনেছে এই সংস্থা।
তিনি আরও বলেন, দেশের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করেছে জিয়ো। ইতিমধ্যেই শতাধিক ছোট-বড় সংস্থা জিয়োর পরিষেবার উপরে নির্ভর করে এগিয়ে চলেছে। আইপিওর পাশাপাশি নতুন প্রযুক্তি পণ্যের কথাও ঘোষণা করেন মুকেশ। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিয়ো এআই ক্লাউড, জিয়ো ফ্রেম এবং জিয়ো কম্পিউটার।
শেয়ার বাজারে জিয়োর আগমনকে ঘিরে ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী বছরের প্রথমার্ধে দেশের অন্যতম বড় আইপিও হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে রিলায়্যান্স জিয়ো।
