আবার ভারতের মাটিতে মেসি! অবাক লাগলেও তাঁকে দেখার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে ফেরত আসছেন ফুটবলের রাজপুত্র। কিংবদন্তি জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন, ঈশ্বরের থেকে কোনও অংশে কম নন লিওনেল মেসি। ওঁর মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। সত্যিই, লিও মেসির পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব।
এই বছর কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্তিনার ফুটবল দল। তেমনটাই জানালেন কেরল রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন, আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন এবং সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ বহন করবেন কেরলের শিল্পপতিরা। এই অবাক করা খবর সামনে আসতেই উত্তেজনার পারদ উঠতে শুরু করেছে মেসি ভক্তদের মধ্যে।
কবে আসবে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার ফুটবল দল ?
ভারতের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা দল। বিপক্ষ দল হিসাবে কে খেলবে সেটা এখনও ঠিক হয়নি। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের জানিয়েছে ৮ দিনের জন্য ভারতে আসবে বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার ফুটবল দল। চলতি বছরে ২৫শে অক্টোবর ভারতে আসছে তারা। থাকবে ২রা নভেম্বর পর্যন্ত। তবে মেসি এলেও বিশ্বকাপজয়ী দলের বাকি ফুটবলাররা আসবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। ইউরোপের বড় দলগুলো আর্জেন্টিনার তারকা ফুটবলারদের ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে মেসিকে এক ঝলক দেখার জন্য মেসিভক্তরা মাঠে ভিড় জমাবেনই।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান এ বিষয় বলেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, এক সপ্তাহের জন্য কেরালাতে থাকবেন মেসি। সাধারণ জনগণ যাতে মেসিকে দেখতে পারে তার জন্য একটি মঞ্চ রাখা হবে। প্রীতি ম্যাচে অংশ নেওয়া ছাড়াও ২০ মিনিটের জন্য ওই মঞ্চে উপস্থিত থাকবেন মেসি।

প্রসঙ্গত, আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ২০১১ সালে প্রথমবার ভারতে এসেছিলেন। সেইসময় তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন একটি প্রীতি ম্যাচ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ওই ম্যাচের আয়োজন করা হয়েছিল।সেইসময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে ৭৫,০০০ দর্শক খেলা দেখতে এসেছিলেন।
আরও পড়ুন : আধ্যাত্মিকতার মহাযজ্ঞ “মহাকুম্ভ” ২০২৫। জেনে নিন এর অজানা তথ্য।
মেসিকে ভারতে নিয়ে আসার জন্য কত টাকা খরচ করা হচ্ছে?
এই ব্যাপারে কেরালা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি দেওয়া হয়েছে। স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মেসি সহ গোটা আর্জেন্টিনা ফুটবল দলকে ভারতে নিয়ে আসার জন্য আনুমানিক ৩৫ কোটি টাকা খরচ হতে পারে।
